নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জনগণের বিকল্প শক্তি গড়ে তোল’ স্লোগানকে সামনে রেখে অমল সেন জন্মশতবর্ষ সমাপনী অনুষ্ঠান হবে। মঙ্গলবার বিকাল চারটায় এ সমাপনী অনুষ্ঠান হবে বলে এক সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস।
শনিবার সকালে ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের জন্মশতবর্ষ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে জেলার রূপগঞ্জ উপজেলার মুস্তারি কমপ্লেক্স অবস্থিত জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলামের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলী, সদস্য নওরোজ হোসেন মোল্যা প্রমুখ।
বিমল বিশ্বাস জানান, মঙ্গলবারের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি। আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড বিমল বিশ্বাস, কমরেড নূরুল হাসান, কমরেড ইকবাল করীর জাহিদ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কমরেড মনোজ কুমার সাহা, আমিনুল ইসলাম গোলাপসহ জাতীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কমরেড অমল সেন ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
