প্রেমিকার বিয়ের রাতেই প্রেমিকের আত্মহত্যা

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ১৯:৫৮
প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বিয়ের রাতেই প্রেমিক আত্মহত্যা করলেন।
 
শনিবার সকালে পুলিশ এজিবি কলোনির ৪৮/৪ ভবনের এফ-৪ নম্বরের দ্বিতীয় তলার একটি বাসা থেকে ওই প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মৃত মিজানুর রহমান (১৯) নটরডেম কলেজে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
 
আত্মহত্যা করার আগে মিজানুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্ট্যাটাসে লিখেন,  ‘বন্ধুরা, মেয়েদের সঙ্গে প্রেম করো না। তারা ভাল ছেলে পেয়ে বিয়ে করে চলে যায়।’
 
জানা গেছে, মিজানের ওই প্রেমিকার সহপাঠী ছিলেন। প্রেমিকার বিয়ে মেনে নিতে না পারায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
 
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিজান আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
 
মতিঝিল থানার এসআই রফিকুল ইসলাম জানান, মিজান তার সহপাঠী হিমেলকে নিয়ে এজিবি কলোনির সাইফুল ইসলামের বাসায় সাবলেট হিসাবে একটি কক্ষে ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তারা দুইজন বাড়ি যান। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকার বাসায় ফেরেন মিজান। শনিবার সকালে সাইফুল ইসলাম জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাঁদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে।
 
তিনি আরো জানান, মিজানের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। ওই মোবাইল ফোনের ডায়াল কলে সিরাজগঞ্জের শাহাজাদপুরের এক বান্ধবীর সঙ্গে বহুবার কথোপকথনের রেকর্ড পাওয়া গেছে। আত্মহত্যা করার আগেও সর্বশেষ কলটি ছিল ওই বান্ধবীর সঙ্গে।