রাজশাহী-ঢাকা রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেনটি শনিবার বিকেল চারটায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবার কথা। কিন্তু শনিবার বিকেল পাঁচটায়ও সংশ্লিষ্ট স্টেশন মাস্টার যাত্রীদের জানাতে পারেননি, ট্রেনটি কখন রাজশাহীতে এসে পৌছাবে?
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু পদ্মা এক্সপ্রেস ট্রেনই নয়, রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। পোহাতে হচ্ছে দুর্ভোগ।
যাত্রীদের অভিযোগ, বিলম্বিত ট্রেন সম্পর্কে জানতে গেলে স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা তথ্য দিয়ে তাদের কোনো সহায়তা করছেন না। বরং যাত্রীদের সঙ্গে দুর্বব্যহার করছেন তারা। এ নিয়ে যাত্রীদের সঙ্গে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের বাক্বিতণ্ডার ঘটনাও ঘটছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার বলেন, ‘ট্রেনে যাত্রীদের চাপ অনেক বেশি। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন ধীরগতিতে চলাচল করছে। ফলে বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে শিগগিরই এই বিপর্যয় কাটিয়ে উঠা সম্ভব হবে।’
