শীতলক্ষ্ম্যা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ২১:৩৫
জেলার কাপাসিয়া উপজেলা ঘেঁষা শীতলক্ষ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্রের ‍মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় নিহত আখিয়ার জামান মিছিলের (১৪) লাশ শীতলক্ষ্ম্যা নদী থেকে উদ্ধার করা হয়। সে নরসিংদীর মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার মোল্লা তারিকুজ্জামানের ছেলে। সে নরসিংদীর হাতিরদিয়া সা’দত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
 
জানা গেছে, মিছিল ঈদের ছুটিতে বৃহস্পতিবার কাপাসিয়ার দস্যুনারায়ণপুরে নানা জসিম সরকারের বাড়ি বেড়াতে আসে। শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সে বাড়ির পার্শ্ববর্তী শীতলক্ষ্ম্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে কাপাসিয়া মধ্যপাড়া এলাকা ঘেঁষা ওই নদী থেকে তার উদ্ধার করে। 
 
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।