গাজীপুর থেকে ঢাকায় আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৮০০ টাকা খুইয়েছে ১৪ বছরের কিশোর সোহরাব। শনিবার সকালে ফার্মগেট এলাকা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তেজগাঁও থানার এসআই সাইফুল বাশার জানান, ঢাকা পরিবহনের একটি বাসে অচেতন অবস্থায় ঐ কিশোরকে পাওয়া যায়। সকাল ১১টার দিকে বাসটি ফার্মগেট এলাকায় পৌঁছলে বাসের যাত্রীরা তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে আসেন। পরে এসআই শামীম শিকদার তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তখনও তার পরিচয় জানা যায়নি। পরে তার চাচা আলমগীর হোসেন খবর পেয়ে হাসপাতালে যান।
আলমগীর হোসেন জানান, রাজধানীর বাসাবোতে ফুপা শফিকের বাসায় থাকে সোহরাব। ফুপার স্যানিটারি সামগ্রীর দোকানে সে কাজ করে। দুই দিন আগে সে তার চাচীর সঙ্গে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় এক আত্মীয়ের বাসায় যায়। গতকাল সেখান থেকে একা ফেরার পথে কোথাও অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে। সোহরাবের গ্রামের বাড়ি চাঁদপুর সদরে।
