যে কোনো নামে একটি ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচন চান খালেদা

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ২৩:১৫

যে কোনো নামে একটি ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে তত্ত্বাবধায়ক সরকার না হলেও হবে। আজ শনিবার গুলশানে নিজের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়ে এ দাবি জানান। তিনি বলেন “আমি বলবো না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যে নামেই হোক একটি নিরপক্ষে সরকারের অধীনে আমরা সুষ্ঠু নির্বাচন চাই।”

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা খালেদা জিয়া বলেন, “গত তিনটি সিটি নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ হয়। এরপর থেকে প্রতি সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হয়।
দুটি নির্বাচন এভাবে হওয়ার পর ২০০৬ সালে রাজনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতায় থাকে। তখন এ পদ্ধতির দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। ২০১১ সালের ১০ মে এক রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্ট। পরের মাসে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে সরকার।