দিনাজপুরের ফুলবাড়িতে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর মোহাম্মদ আলী নামের দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর ৫টার দিকে বাড়ির পশ্চিম পার্শ্ববর্তী একটি ঝোপ থেকে ইটের নিচে চাপা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু মোহাম্মদ আলী ফুলবাড়ি পৌর এলাকার উত্তর সুজাপুর দাড়ারপাড় গ্রামের দিনমজুর মাহাবুর রহমানের ছেলে।
নিহতের পিতা মাহাবুর রহমান জানান, শনিবার বিকেলে বাড়ির কাছে খেলা করার সময় মোহাম্মদ আলী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর রবিবার ভোরে বাড়ির পশ্চিম পার্শ্বে একটি ঝোপের মধ্যে ইটের নিচে চাপা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
ফুলবাড়ি থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে শিশু মোহাম্মদ আলীকে শ্বাসরোধ করে হত্যার পর হত্যাকারীরা লাশটি ইটের নিচে চাপা দিয়ে পালিয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।
ফুলবাড়ি পৌর মেয়র মুরতুজা সরকার মানিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
