মানহানির মামলায় কাদের সিদ্দিকীর শুনানি ২ নভেম্বর

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৬:০৭


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে ‘রাজাকার’ বলার অভিযোগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীরউত্তম) বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলায় অভিযোগ গঠন জন্য আগামী ২ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম (এমএম) আলী মাসুদ শেখ এ দিন ধার্য করেন।

রবিবার এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কাদের সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে ২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়।

এর আগে গত বছরের ১১ নভেম্বর একই আদালত কাদের সিদ্দিকী  হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০১৩ সালের ১৮ মার্চ ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এ জামিন মঞ্জুর হওয়ার পর থেকে তিনি আদালতে হাজির হননি।

মামলার আরজিতে বলা হয়েছে—গত ৯ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক শ্রমিক-জনতা লীগের সম্মেলনে কাদের সিদ্দিকী বলেছেন, ‘মহাজোট সরকারের স্বরাাষ্ট্রমন্ত্রী রাজাকার। সরকারের মধ্যে রাজাকার রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়। ১৯৭১ সালে মখা আলমগীর ময়মনসিংহের এডিসি ছিলেন। রাজাকারদের পক্ষে কাজ করেছেন তিনি, যার সাক্ষী আমি নিজেই।’

এ ধরনের ‘মিথ্যা বক্তব্যে’ উদ্দেশ্যমূলকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে সামাজিক, মানসিক, আর্থিক ও সাংগঠনিকভাবে হেয় করা হয়েছে মর্মে অভিযোগে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি ন্যাশনাল এফএস ফাউন্ডেশনের মাধ্যমে লিখিত প্রতিবাদ ও উকিল নোটিস পাঠানো হয়। কাদের সিদ্দিকী উকিল নোটিসের কোনো জবাব না দেয়ায় রুহুল আমিন মজুমদার দুই শ কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলাটি করেন।