গ্রীষ্মের ছুটি কাটাতে সৌদি বাদশাহ সালমান তার দলবল নিয়ে আসবেন বলে ফ্রান্সের একটি সৈকত থেকে সাধারণ লোকজনকে সরিয়ে দেয়া হয়েছে। আর এতেই চটেছেন সেখানকার স্থানীয়রা।
বাদশাহর বিনোদন নিয়ে এলাহি কাণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে এক লক্ষাধিক মানুষ অনলাইনে স্বাক্ষর দিয়ে প্রতিবাদ জানিয়েছে। তবে এতেও মন গলেনি ফরাসি কর্তৃপক্ষের।
রবিবার সৌদি বাদশাহ ভূমধ্যসাগরের পাড়ে তার অবকাশ যাপন কেন্দ্রে পৌঁছেন। নাইস বিমানবন্দরে বাদশাহর বিমান অবতরণের পর ১০ টি গাড়ির একটি বহর নিয়ে তিনি বাংলোতে যান। এক হাজার সঙ্গী নিয়ে তিনি তিন সপ্তাহের ছুটি কাটাতে ফ্রান্সে এসেছেন তিনি।
বাদশাহর গোপনীয়তা ও নিরাপত্তার অজুহাতে সৈকতটিতে লোকজনের আসা সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। আর এ নিয়েই ক্ষিপ্ত হয়েছে লোকজন। ফ্রান্সের আইন অনুযায়ী সৈকতটি জনসাধারণের জন্য উন্মুক্ত, যার একটি অংশ আবার নগ্নতাবাদীদের জন্য সংরক্ষিত। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
