৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার কমিশনের ওয়েব সাইটে পরীক্ষার বিস্তারিত সূচি ও নির্দেশনা প্রকাশ করা হয়।
আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ও কারিগরি ক্যাডারের আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশনের ওয়েব সাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলীর ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা। আর ১০০ নম্বরের পরীক্ষার হবে তিন ঘণ্টায়। তবে শুধুমাত্র কারিগরি ক্যাডারদের জন্য বাংলা পরীক্ষা ১০০ নম্বরের হবে।
লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ন্যূনতম ৫০ শতাংশ। কেউ কোনো বিষয়ে ৩০ নম্বরের কম পেলে ওই বিষয়ে তিনি কোনো নম্বর পাননি বলে গণ্য হবে। পরীক্ষার্থীদের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে।
৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন, এরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষার জন্য নতুন করে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
