বড়াইগ্রামে আড়ৎদারকে পিটিয়ে ছিনতাই, মামলা

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৮:৩৫
জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে রসুনের আড়ৎদারকে পিটিয়ে এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষরা। আহত আরিফুল ইসলাম টুকুল উপজেলার দ্বারিকুশী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিন মাষ্টারের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার দিঘইর গ্রামের আব্দুস সোবহান ও তার লোকজন জোনাইল বাজারে আরিফুল ইসলাম টুকুলের রসুনের আড়তে হামলা চালায়। এ সময় তারা আড়তের ক্যাশবাক্স ভেঙ্গে মোট এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে আড়ৎদার টুকুল (৪৫) ও তার ছোট ভাই আসাদুজ্জামান ছোটনকে (২৬) বেধড়ক মারপিট করে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করায়।
 
বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।