ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করেন।
দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বেগম খালেদা জিয়া বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম পরমাণু বিজ্ঞানী হিসেবে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন বাংলাদেশ ও ভারতের জনগণের মৈত্রী ও বন্ধনকে এক মর্যাদাপূর্ণ স্থানে উন্নীত করেছিলেন। রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেয়ার পরও তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বাংলাদেশের মানুষের হৃদয়কে জয় করেছিলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাভিভুত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি এ পি জে আবদুল কালামের মৃত্যুতে শোকবিহব্বল ভারতবাসী এবং তার আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। -বাসস
