‘নারী ভোটার কমে যাওয়ার তথ্য সঠিক নয়’

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ২১:০০
 
প্রকৃতপক্ষে সুশাসনের জন্য নাগরিক-সুজন কর্তৃক সংবাদ সম্মেলনে নারী ভোটার কমে যাওয়ার যে তথ্যাদি উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
 
মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সম্পূর্ণ নির্ভুল ও নির্ভরযোগ্য ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশন সর্বদাই সজাগ, যত্নবান ও বদ্ধপরিকর। আন্তর্জাতিকভাবে প্রশংসিত জাতীয় সম্পদ ছবিসহ ভোটার তালিকাকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত না করার জন্য সংশি­ষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
 
সম্প্রতি সুজন জানায়, দেশে ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে নারী ভোটার আশংকাজনক কমে গেছে অর্থাত্ জেন্ডার গ্যাপ বেড়েছে। সর্বশেষ ২০১৪-২০১৫ সালে হালনাগাদের পর পুরুষ ও নারী ভোটারের পার্থক্য ১২% অর্থাত্ নারী ভোটার কমে গেছে ১২%। সংবাদ সম্মেলনে বেশকিছু জেলায় নারী ভোটার হওয়ার সংখ্যা ব্যাপকভাবে কমেছে বলে উলে­খ করা হয়। তাদের ভাষ্যমতে সবচেয়ে বড় জেন্ডার গ্যাপ ফেনীতে, যা ৩৫ দশমিক ৩ শতাংশ, লক্ষীপুরে ৩০ দশমিক ৮২ শতাংশ, নোয়াখালীতে ২৬ দশমিক ৪৪ শতাংশ, চাঁদপুরে ২৫ দশমিক ৭২ শতাংশ, কুমিল­ায় ২৩ দশমিক ৪ শতাংশ, কক্সবাজারে ২২ দশমিক ৫৮ শতাংশ এবং ভোলায় ২০ দশমিক ২৩ শতাংশ।
 
ইসি জানিয়েছে, প্রকৃতপক্ষে উল্লি­খিত জেলাসমূহের ভোটার সংখ্যা বিশে­ষণ করে দেখা যায়, ফেনীতে পুরুষ ও নারী ভোটারের শতকরা হার যথাক্রমে ৫০.৩৭ ও ৪৯.৬৩, লক্ষীপুরে ৫০.৩৪ ও ৪৯.৬৬, নোয়াখালীতে ৫০.৩৭ ও ৪৯.৬৩, চাঁদপুরে ৫০.৬১ ও ৪৯.৩৯, কুমিল্লাতে ৪৯.৯৫ ও ৫০.০৪,  কক্সবাজারে ৫১.৪১ ও ৪৮.৫৮ এবং ভোলায় ৫০.৬৩ ও ৪৯.৩৬।        
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০০৮ সালে ভোটার তালিকা প্রণয়নের সময় পুরুষের চেয়ে নারী ভোটার বেশী হয়েছে। অথচ ঐ সময়ে ২০০১ সালে আদমশুমারী অনুযায়ী নারীর চেয়ে পুরুষ সংখ্যা বেশী ছিল (পুুরুষ ৫১.৫৪% এবং নারী ৪৮.৪৬%)। ২০০৮ সালে অনেক পুরুষ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। পরবর্তীতে পুরুষের বিপরীতে যে জেন্ডার গ্যাপ ছিল তা হালনাগাদ কর্মসচীতে ক্রমান্বয়ে কমে এসেছে।
 
১৫ জুন ২০১৫ পর্যন্ত নির্বাচন কমিশনের ডাটাবেজ অনুযায়ী পুরুষ ও নারী ভোটারের শতকরা হার যথাক্রমে ৫০.৩৯ এবং ৪৯.৬১; যা ২০১১ সালের আদামশুমারি অনুযায়ী জনসংখ্যার শতকরা হারের প্রায় কাছাকাছি  (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার হার পুরুষ ৫০.০৬ এবং নারী ৪৯.৯৪)।