৮ জেএমবির প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ২১:৫৪
 
 
নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল ‍মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমিরসহ গ্রেপ্তার আটজনের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
 
আসামিরা হলেন, ভারপ্রাপ্ত আমির আবু তালহা মোহাম্মদ ফাহিম। তার বাবা মওলানা সাইদুর রহমান জেএমবির সাবেক আমির ছিলেন। মো. শফিকুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. ইমদাদুল হক, রফিক আহমেদ,  সাখাওয়াত উল্লাহ, মো. মোস্তফা, ও মো. আলী আশরাফ রাজীব।
 
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান আসামিদের রিমান্ড দেন। এ সময় তাদের পক্ষে কোন জামিন আবেদন ছিলনা। এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চয় গোয়েন্দা পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কারাগারে থাকা জেএমবির সাবেক ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাঈদুর রহমান ও শীর্ষ নেতা মুফতি জসিমউদ্দিনকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের আর কি ধরনের পরিকল্পনা রয়েছে এবং তাদের সহযোগীদের সম্পর্কে তথ্য জেনে গ্রেপ্তার করা সম্ভব হবে। প্রার্থিত রিমান্ড মঞ্জুর করা হোক।
 
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গোয়েন্দা সুত্রে জানা গেছে, ফাহিমের বিরুদ্ধে রাজশাহী ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।