উস্কানিমুলক বক্তব্যের মাধ্যমে দেশের বিভিন্ন সমপ্রদায়ের মধ্যে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। এ সংক্রান্তে আগামী ২৭ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কোন প্রতিবেদন না আসায় ঢাকার মহানগর হাকিম শামছুল আরেফীন ফের দিন ধার্য করেন।
গত বছরের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ নালিশী মামলা করেন। ওইদিন বাদীর জবানবন্দি গ্রহনপূর্বক সরকারের অনুমোদন সাপেক্ষে অভিযোগটি পরিদর্শক মর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।
মামলার আরজিতে বলা হয়, রাজধানীর শাহবাগ থানার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গত বছরের ১৪ অক্টোবর বিকাল আনুমানিক ৫ টায় হিন্দু সমপ্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বেগম খালেদা জিয়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তৃতায় খালেদা বলেন, ‘আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।’
তিনি আরো বলেন, ‘বিএনপি কারও সম্পত্তি দখল করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে হিন্দু ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করেছে। তারা স্বাধীনতার পরও ক্ষমতায় এসে হিস্দুদের জায়গা সম্পত্তি দখল করেছিল। জবর দখলকারী সরকারি দলের লোকেরা হিন্দুদের উপর হামলা করেছে। কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আওয়ামী লীগ হিন্দুদের হামলার সময় বলে, তোরা হিন্দু হয়ে বিএনপি করিস কেন?’
ওই বক্তব্য পরেরদিন দৈনিক জনকণ্ঠ, সমকাল, যায় যায়দিন, আমাদের সময়, যুগান্তরসহ সকল জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
