জেলা প্রশাসক তথা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা (ডিসি) ভ্রাম্যমাণ আদালতের পরিধি বাড়ানোর সুপারিশ করেছেন। বিদ্যমান ১৯২টি আইনের অধীনে তাঁরা আদালত পরিচালনা করতে পারেন। এখন সে সংখ্যা বাড়িয়ে বিচারের সুযোগ চাচ্ছেন তারা। ইয়াবা, ফেনসিডিল (১০০ গ্রাম পর্যন্ত) সংক্রান্ত অপরাধের বিচারিক ক্ষমতা মোবাইল কোর্ট আইনের অধীনে হওয়া উচিত বলে দাবি করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার। খাদ্যমান নিয়ন্ত্রণ অধ্যাদেশের আওতায় শাস্তির পরিমাণ বাড়ানোর তাগিদ দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক। এ ছাড়া মোবাইল কোর্ট সংক্রান্ত মামলার আপিলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে সরকারি আইন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করে ডিসিরা বলেছেন, আপিলে আইন কর্মকর্তা না থাকায় দোষীরা অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, ইতোমধ্যে অপরাধীর স্বীকারোক্তির ভিত্তিতে বিচারের বিধান বাতিল করে ডিসিদের সুপারিশে পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে অপরাধীর বিচারের সুযোগ রেখে মোবাইল কোর্ট আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত এই আইনে অপরাধী পালিয়ে গেলেও তার বিরুদ্ধে মামলা করার আদেশ দেয়ার ক্ষমতাও পেয়েছেন তারা।
গতকাল মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের পক্ষ থেকে ২৫৩টি লিখিত সুপারিশ রাখা হয়েছে। এর মধ্যে মোবাইল কোর্ট আইনে বিচারের ক্ষেত্রে আদালতের পরিধি বাড়ানোর প্রস্তাব বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার ভূমি মন্ত্রণালয়ের জন্য সর্বোচ্চ ২৫টি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ২৪টি সুপারিশ করা হয়েছে। পররাষ্ট্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য মাত্র একটি করে সুপারিশ করা হয়েছে।
যেসব আইনের অধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সুযোগ চেয়ে সুপারিশ করা হয়েছে তার মধ্যে আছে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১২ ধারা। এ ধারায় পরিবেশগত ছাড়পত্র দেয়া হয়। পরিবেশগত ছাড়পত্র সংক্রান্ত অপরাধের বিচার করার এখতিয়ার চাচ্ছেন ডিসিরা। মন্ত্রিপরিষদ বিভাগ আলোচ্য আইনের ১২ ধারা মোবাইল কোর্ট আইনের তফসিলে অন্তর্ভুক্তির পক্ষে মত দিয়েছে।
সামাজিক নিরাপত্তা ও শৃংখলা রক্ষার স্বার্থে দণ্ডবিধির ২৯০ ধারার জরিমানা ২০০ টাকা থেকে বাড়ানোর সুপারিশ করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার। রাজশাহী জেলা প্রশাসক মোবাইল কোর্ট ২০০৯ এর অধীনে প্রয়োজনীয় বিধি বিধান প্রণয়নের তাগিদ দিয়েছেন। কারসাজিমূলক অপরাধের দণ্ড বাড়ানোর সুপারিশ করেছেন জয়পুরহাটের জেলা প্রশাসক। মাদক সংক্রান্ত মামলা বিচারের জন্য জেলায় আলাদা কোর্ট স্থাপনের সুপারিশ করেছেন যশোর জেলা প্রশাসক।
আরও কিছু উল্লেখযোগ্য সুপারিশ
শিক্ষা ক্ষেত্রে শিক্ষক সংকট, উচ্চ শিক্ষায় উপবৃত্তির স্বল্পতা, পরীক্ষার সময় শ্রেণিকক্ষের পাঠদান বন্ধ থাকায় লেখাপড়ায় সংকট, শ্রেণি, শাখা ও বিভাগীয় শিক্ষকদের বেতন দিতে না পারা, তথ্য প্রযুক্তির বিষয় খোলা হলেও সেক্ষেত্রে শিক্ষক না থাকা, এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা উত্তীর্ণদের সনদ ও উপবৃত্তি প্রদান না করায় সংকট, জেলা প্রশাসকদের উদ্যোগে নির্মিত জেলা কালেক্টরেট স্কুলগুলোর জন্য সমন্বিত নীতিমালা প্রণয়ন না করার সৃষ্ট সমস্যা সমাধানের সুপারিশ করেছেন অনেক জেলা প্রশাসক।
স্থানীয় সরকার বিভাগ
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য এবং গ্রাম পুলিশের ভাতা বাড়ানোর সুপারিশ করেছেন চট্টগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, বরিশাল, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক। বেওয়ারিশ লাশ দাফনের জন্য জনপ্রতি বরাদ্দ ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার সুপারিশ করেছেন নাটোরের জেলা প্রশাসক।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ প্রয়োগ করে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি, ইজিবাইক ইত্যাদি স্বল্পগতির যানবাহন বন্ধ করা সম্ভব নয়-এই অভিমত জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক। ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদানে নীতিমালার দরকার বলে মত দিয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক।
নিকাহ রেজিস্ট্রার
জেলা প্রশাসকদের নিকাহ রেজিস্ট্রার অফিস পরিদর্শনের সুযোগ দিলে বাল্যবিবাহ বহুলাংশে কমবে-এই বিশ্বাস ঠাকুরগাঁও জেলা প্রশাসকের।
সুচিত্রা সেন স্মৃতি কমপ্লেক্স
উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের পৈতৃক নিবাস পাবনায় সুচিত্রা সেন স্মৃতি কমপ্লেক্স নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলছেন পাবনার জেলা প্রশাসক।
গতকাল সম্মেলনের প্রথমদিনে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রাজস্ববোর্ড, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওপর ডিসিদের সুপারিশ নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবেরা ডিসিদের সুপারিশ প্রসঙ্গে তাদের মতামত ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।