মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি আপিল বিভাগে বহাল থাকায় যুদ্ধাপরাধীদের ‘চক্রান্তের বিনাশ’ হয়েছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
রায়ের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার বলেন, ‘এই রায়ের মাধ্যমে চক্রান্তের বিনাশ হয়েছে। যুদ্ধাপরাধীদের প্রভাব খর্ব হয়েছে। এটা আজ আবার প্রমাণিত হয়েছে যে কোনো ধরনের অপশক্তিকে মোবকাবিলা করার শক্তি বাংলাদেশের জনগণের রয়েছে।
বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ যুদ্ধাপরাধী সাকা চৌধুরীকে দেয়া ট্রাইব্যুনালের ফাঁসির রায় বহাল রাখে। গত কয়েকদিন ধরে কর্মী-সমর্থকদের নিয়ে শাহবাগে অবস্থান নেয়া ইমরান বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের জয় হয়েছে। ১৬ কোটি মানুষের বিজয় নিশ্চিত হয়েছে।’
