জয়পুরহাটের পাঁচবিবিতে পাথর বোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুট সহ সারাদেশের সাথে জয়পুরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সকাল পৌনে নয়টার দিকে এই ঘটনা ঘটে। বেলা আড়াইটায় রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পাঁচবিবি রেলওয়ে স্টেশন মাস্টার সন্তোষ কুমার সরকার জানান, সকালে সৈয়দপুর থেকে পাথর বোঝাই করে এস জে কে ২ ডাউন মালবাহী ট্রেনটি খুলনায় যাচ্ছিল। পাঁচবিবি উপজেলার রেল-গেইট এলাকায় পৌঁছালে ট্রেনের চারটি চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সৈয়দপুর থেকে খুলনাগামী রুপসা, চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল, খুলনা থেকে সৈয়দপুরগামী আন্তঃ নগর সীমান্ত এক্সপ্রেস ও ঢাকা থেকে চিলাহাটি গামী আন্তঃ নগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনগুলি ঘটনাস্থল পাঁচবিবি স্টেশনের দুই পাশে আটকা পরেছে।
তিনি আরো জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর মালবাহী ট্রেনটি উদ্ধারের জন্য কাজ শুরু করেছে। উদ্ধার কার্যক্রম সমাপ্ত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
