ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে

দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার তাগিদ

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৯:১৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির সভায় ভূমিকম্পের কারণে সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ ত্বরান্বিত করার তাগিদ দেয়া হয়েছে।

সভায় বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা সে ব্যপারে তদারকি জোরদার করার সুপারিশ করা হয়। এছাড়াও কমিটি চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করারও সুপারিশ করে।
বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তাগিদ ও সুপারিশ করা হয়।

কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মো. জাহিদ আহসান রাসেল, এ.কে.এম ফজলুল হক, নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম সভায় অংশগ্রহণ করেন।

সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, উপকুলীয় বাঁধ শক্তিশালীকরণের মাধ্যমে বন্যা ও সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে চট্টগ্রাম শহরকে রক্ষা এবং উক্ত বাঁধের উপর রাস্তা নির্মাণ করে শহর থেকে ভারী যানবাহন বাইপাস করার মাধ্যমে চট্টগ্রাম শহরের যানজট নিরসনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি রিং রোড প্রকল্প (পতেঙ্গ থেকে সাগরিকা) প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ ৭১ হাজার টাকা। প্রকল্পটি ২০১৭ সালের ডিসেম্বরে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

সভায় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। সভায় জানানো হয়, উত্তরায় নির্মাণাধীন ফ্ল্যাট প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাট বিতরণ কার্যক্রম শুরু হবে। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বাসস