বেনিতেজের স্ত্রী’র খোঁচার জবাব মরিনহোর

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ২২:৩৫
 
চেলসি কোচ হোসে মরিনহো তাকে নিয়ে করা রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেজের স্ত্রী’র খোঁচার জবাব দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, বেনিতেজই ইউরোপের এক সময়ের সেরা দল ইন্টার মিলানকে ধ্বংস করছে। কৌতুকের বশেই রিয়াল মাদ্রিদের কোচের স্ত্রী মন্তসেরাত সেয়ারা চেলসির বর্তমান কোচ মরিনহোকে খোঁচা মারেন। বলেন— মরিনহোর ‘বিশৃঙ্খল’ করে যাওয়া আরো একটি জায়গা ঠিক করতে চলেছেন তার স্বামী বেনিতেজ।
 
শুরু হতে যাওয়া মৌসুমে মরিনহোরই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন এই স্প্যানিশ কোচ। এর আগে মরিনহোর ছেড়ে যাওয়া ক্লাব ইন্টার মিলান ও চেলসির দায়িত্বও নেন তিনি। মরিনহো বেনিতেজের স্ত্রীর এসব তথ্যের জবাবে বলেন, ‘এই ভদ্র মহিলা মনে হয় কিছুটা বিভ্রান্ত। কেননা তার স্বামী চেলসিতে এসেছিলো রবার্তো দি মাত্তেও’র জায়গায় এবং রিয়াল মাদ্রিদে কার্লো অ্যানচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছে। একমাত্র ক্লাব, যেখানে আমার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন সেটা হলো—ইন্টার মিলান এবং ওই সময়ে মাত্র ছয়মাসেই সে ইউরোপের সবচেয়ে ভালো দলটিকে ধ্বংস করে ফেলেছিলো।’ সর্বপরি মরিনহো সেয়ারাকে স্বামী অ্যানচেলত্তির যত্ন-আত্মী নেয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘সে যদি তার স্বামীর খাওয়া-দাওয়ার খবর নেয়, তাহলে মনে হয় সে আমাকে নিয়ে কথা বলার সুযোগ পাবে না।’
 
সেয়ারা এসব মন্তব্যের মধ্য দিয়ে তারকা এই দুই কোচের টানাপোড়েন সস্পর্কটা আবারো উসকে দিতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই দুই কোচই নিজ নিজ জায়গায় সাফল্যের পরিচয় দিয়েছেন। কোচ হিসেবে তারা অনেক ঘরোয়া শিরোপা ও ইউরোপিয়ান শিরোপাও জিতেছেন। চেলসি ও লিভারপুলের দায়িত্বে থাকাকালে মরিনহো ও বেনিতেজের মাঝে কথার লড়াইও দারুণ জমতো।—বিবিসি