দক্ষিণ আফ্রিকার ৩২২তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো উইকেটরক্ষক ডেন ভিয়াসের। বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথমবারের মতো বড় ফরম্যাটের ম্যাচ খেলার সুযোগ পেলেন তিনি।
চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনে ঢাকা টেস্ট খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। উইকেটরক্ষক কুইন্ট ডি ককের পরিবর্তে একাদশে সুযোগ পান ভিয়াস। ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেক হয় তার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ভালো পারফরমেন্স রয়েছে ৩০ বছর বয়সী ভিয়াসের। ৭১ ম্যাচের ১০৫ ইনিংসে ৪১ গড়ে ৩৮৫৪ রান করেছেন তিনি। ১০টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিও এসেছে ভিয়াসের ব্যাট থেকে।
টেস্টে প্রথম হলেও, দক্ষিণ আফ্রিকার হয়ে ইতোমধ্যে টুয়েন্টি টুয়েন্টি অভিষেক হয়েছে ভিয়াসের। ২০১২ সালে জোহানেসবার্গে ভারতের বিপক্ষে টি-২০ ম্যাচে প্রথম জাতীয় দলের জার্সি পড়েন তিনি। ঐ ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও, উইকেটের পিছনে ৪৭ বল দায়িত্ব পালন করেছিলেন ভিয়াস। কারণ বৃষ্টির জন্য পুরো ম্যাচটি সম্পন্ন হতে পারেনি।
খবর বাসসের।
