বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন এর প্রভাবে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ভারী বর্ষণের পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। মেঘলা আকাশে গুমট ভাব পরিলক্ষিত হচ্ছে। সর্বত্রই ভীতিকর পরিবেশ বিরাজ করায় উপকূলের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা সিপিপির উদ্যোগে সতর্কতামূলক মাইকিং অব্যাহত রয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটছেন।
এদিকে বাড়ী থেকে রামনেওয়াজ যাওয়ার পথে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাজির হাট চৌধুরী বাজার সংলগ্ন রাস্তার উপর ঝড়ে গাছ পড়ে মাও মো. ইসমাঈল (৪০) ও হাফেজ মামুন (২৫) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের মনপুরা সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত ইসমাঈলের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা অথবা বরিশাল নিয়ে যাওয়ার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছেন।
এ ব্যাপারে উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, চরনিজামের মানুষজনকে আশ্রয়কেন্দ্রে এবং গবাদিপশুগুলোকে স্থানীয় মাটির কেল্লায় আনা হয়েছে। আশ্রয়কেন্দ্রের মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া মূলভূখণ্ডের মানুষজনকেও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ হোসেন খাঁন বলেন, ‘চেয়ারম্যানদেরকে সতর্ক থেকে মানুষজনকে আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়েছে। মানুষজনকে এসব প্রতিষ্ঠানে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্ট্রোলরুমও খোলা হয়েছে বলে তিনি জানান।
