৯৪ রানের জুটি গড়ে মাহমুদ উল্লাহ বিদায় নিলেন তৃতীয় সেশনের শুরুতেই। মুশফিকুর রহিমের সঙ্গে বেশ ভাল খেলছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৩৫ রান করে স্টেইনের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন। মুশফিক ৫৮ রানে অবস্থান করছেন।
এর আগে মুমিনুল হক ও ইমরুল কায়েসের বিদায়ের পর টাইগাররা কিছুটা চাপের মধ্যে পড়ে। মুশফিক ও মাহমুদ উল্লাহর ব্যাটিংয়ে আবার ঘুরে দাঁড়ায় তারা। ৬৯ রানের জুটি গড়েছিলেন মুমিনুল ও ইমরুল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর ইমরুল কায়েস ও মুমিনুল হকের ব্যাটে ঘুরে দাঁড়ালেও মধ্যাহ্ন বিরতির পরই দুই উইকেট পড়ে যায় তাদের।
মুমিনুল হক ৪০ ও ইমরুল কায়েস ৩০ রানে সাজ ঘরে ফিরে যান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান।
এর আগে সকালে খেলতে নেমে তামিম ইকবাল ৬ রান করে স্টেইনের একটি আউট সুয়িং বলে আমলার হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরে যান।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। দক্ষিণ আফ্রিকা দলেও রয়েছে একটি পরিবর্তন। উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের পরিবর্তে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ডেন ভিলাস।
এর আগে চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছিল।
