বইয়ের ঘ্রাণে পূর্ণ একদিন...

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৯:১৬

>> তপন কুমার দাস, বড়লেখা

 

মঞ্চে চলছে বসন্তের প্রাণছোঁয়া গান। পাশেই স্টলে রং বেরঙের মলাটে মোড়ানো চকচকে নতুন বই। বই ও গানের টানে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে ভিড় করেছিলেন নানা বয়সের মানুষ। স্টল ঘুরে ঘুরে কেউ নিয়েছেন নতুন বইয়ের ঘ্রাণ। নেড়েচেড়ে বই দেখছেন কেউ। কিনে নিয়েছেন পছন্দের লেখকের বই। নিয়েছেন লেখকের অটোগ্রাফ। লেখক পাঠকদের পদচারণায় মুখরিত হয় মেলার প্রাঙ্গণ। চারদিকে উত্সবমুখর একটা পরিবেশ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এমনটাই ছিল উত্সবের রং।

গত ১৯ ফেব্রুয়ারি বড়লেখা নজরুল একাডেমি দিনব্যাপী বইমেলা, বসন্ত উত্সব ও পিঠা-সামগ্রী দিয়ে আয়োজন করে এক প্রাণের মেলার। জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের সীমান্তবর্তী উপজেলা বড়লেখায় প্রথমবারের মতো এই বইমেলার আয়োজন। স্টলগুলোতে শিশু-কিশোর, সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতার ইতিহাস, প্রবন্ধসহ বিভিন্ন লেখকদের বই স্থান পায়। প্রথমবার বইমেলায় বিক্রি ও মানুষের উপস্থিতি দেখে খুশি আয়োজকরা। একসঙ্গে অনেকগুলো বই দেখে বইমেলায় আসা শিক্ষার্থীসহ অনেকেরই মন ভরে ওঠেছে। অনুষ্ঠানের আলোচকদের কথাতেও ওঠে আসে বইমেলার আবেগ।

উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক নন্দী। এর আগে বসন্ত উত্সব ও বইমেলার ব্যাজ পরিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা বেলুন উড়িয়ে প্রথমবারের মতো বইমেলা ও চতুর্থ বসন্ত উত্সবের উদ্বোধন করেন। একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সুহেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, টিএন খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, জেলা পরিষদ সদস্য হামিদুর রহমান শিপলু, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রণয় কুমার দে ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত, কবি সনজিত্ কান্তি দেব প্রমুখ। আলোচনা সভা শেষে বইমেলা ও বসন্ত উত্সব উপলক্ষে শিল্প-সাহিত্য ও সাংবাদিকতায় অবদান রাখার জন্য ১৬ জনকে নজরুল একাডেমির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, সাভার সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. কালী প্রসন্ন দাস, জুড়ী টিএনখানম সরকারি কলেজের অধ্যক্ষ কবি অরুণ চন্দ্র দাস, বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক প্রাবন্কি মো. নিয়াজ উদ্দীন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, নজরুল একাডেমির উপদেষ্টা আনোয়ার উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, কবি জিতেন্দ্র দাস জিতু, আতাউর রহমান আফতাব, হিমাংশু রঞ্জন দাস, বিদ্যুত্ রঞ্জন দেবনাথ, শিরিন শাহাব, দেলোয়ার হোসাইন, মৃণাল কান্তি দাস ও সাইফুল্লাহ মনসুর ইসহাক, বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার উদ্দিন, শাহ নির্মাতা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন।