ভারতের মধ্যপ্রদেশের সরকারি চাকরিতে নিয়োগ প্রতিষ্ঠান ব্যাপমের নিয়োগ কেলেঙ্কারি নিয়ে অভিযুক্ত প্রদেশটির মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন। ও দিকে, একই দিন দেশটির গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই এই কেলেঙ্কারি নিয়ে সুপ্রিম কোর্টে যখন প্রথম তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছেন, ঠিক সে মুহুর্তে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। খবর এনডিটিভির।
বৈঠকে মধ্যপ্রদেশের মন্ত্রী পরিষদের সম্প্রসারণ ও উজ্জ্বয়ন কুম্ভ মেলা আয়োজন নিয়ে বিজেপির এ দুই নেতার মধ্যে আলোচনা হয়। ব্যাপম মধ্যপ্রদেশের স্বায়ত্বশাসিত ও নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান। এটি সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার আয়োজন করে থাকে। সেই সাথে প্রার্থীদের চাকরি নিশ্চিত করে। আর নিয়োগ নিয়ে এ প্রতিষ্ঠান এত দিন ধরে যে বাণিজ্য করে আসছে সেটি নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এ নিয়োগ কেলেঙ্কারির সাথে উঠে এসেছে বিভিন্ন রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি বিভিন্ন আমলাদের নাম। অভিযুক্তদের মধ্যে প্রদেশটির মুখ্যমন্ত্রী চৌহানের নামও রয়েছে।
তবে মধ্যপ্রদেশের উন্নয়নে পরিকল্পনা প্যানেল সাব-কমিটির প্রতিবেদন বিষয়ে আনুষ্ঠিকভাবে ডাকা আলোচনায় অংশ নিতে শুক্রবার মুখ্যমন্ত্রী চৌহান মোদির রেস কোর্স রোডের বাসায় যান।
এমনই এক সময় এ দুই নেতা আলোচনায় বসলেন যখন দেশটির পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থা নিরসনে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশটির বিরোধী দল শাসকগোষ্ঠী বিজেপি সরকারের শীর্ষস্থানীয় নেতা ও চৌহানের কেলেঙ্কারির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় অধিবেশন নিয়ে ঐ অচলাবস্থার সৃষ্টি হয়।
