ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট খেলতে পারছেন না। শুক্রবার এমনটাই জানিয়েছেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চোটের কারণে অ্যাসবাস্টনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের তৃতীয় তিন মাঠে নামেননি অ্যান্ডারসন। যদিও এই টেস্টের প্রথম ইনিংসে তারই বোলিং তোপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের রাস্তা তৈরি করেছিল ইংল্যান্ড।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ পরিমাণ উইকেট শিকারি অ্যান্ডারসন বৃহস্পতিবার অ্যাসবাস্টন টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত নবম ওভারের তৃতীয় বলের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন। রাতে পরীক্ষা-নিরীক্ষা শেষে ইসিবি জানিয়েছে— সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন এই পেসার। এই চোটের কারণে বৃহস্পতিবারই ৩৩ বছরে পা দেয়া অ্যান্ডারসনের সিরিজের চতুর্থ টেস্ট খেলা হচ্ছে না বলে জানায় ইসিবি। এক বিবৃতিতে তারা জানায়, ‘অ্যান্ডারসন আগামী বৃহস্পতিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হওয়া চতুর্থ টেস্ট খেলতে পারবেন না। ওভালে ২০ আগস্ট শুরু হওয়া সিরিজের শেষ টেস্টে তাকে পাওয়া যেতে পারে।’
ইংল্যান্ডের হয়ে টেস্টে রেকর্ড ৪১৩টি উইকেট নেয়া পেসার অ্যান্ডারসন অ্যাসবাস্টনে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৭ রানে ছয়টি উইকেট নেন, অ্যাসেজে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্য। দ্বিতীয় ইনিংসের শুরুতেই একটি উইকেট নিয়ে অ্যান্ডারসন চোটে পড়লেও ইংল্যান্ডের বোলিংয়ের ধার কমেনি। দ্বিতীয় ইনিংসে দাপট দেখিয়েছেন ২০১৩ সালের পর ফের টেস্ট দলে ডাক পাওয়া অপর ফাস্ট বোলার স্টুয়ার্ট ফিন। তার পাঁচ উইকেট শিকারে দ্বিতীয় দিনই পরাজয় দেখতে থাকে অস্ট্রেলিয়া।
ট্রেন্ট ব্রিজে টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের অতীত পরিসংখ্যান দুর্দান্ত। বরাবরই এই মাঠে নিজেকে চেনাতে ভুল করেন না তিনি। মাঠটিতে আটটি টেস্ট খেলে ১৯.২৪ গড়ে ৫৩টি উইকেট নিয়েছেন। ২০১৩ সালে অ্যাসেজ সিরিজের শেষ ম্যাচে এই ভেন্যুতে ১০টি উইকেট নেন অ্যান্ডারসন। সব মিলিয়ে ট্রেন্ট ব্রিজে ছয়বার পাঁচ উইকেট নিয়েছেন এই তারকা পেসার। এখানে সর্বশেষ টেস্টে ভারতের বিপক্ষে ম্যান অব দ্যা ম্যাচও হয়েছিলেন তিনি, কৃতিত্ব ছিল চারটি উইকেট শিকারের পাশাপাশি এগারো নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৮১ রান করা, যা টেস্টে অ্যান্ডারসনের প্রথম অর্ধশতক। খেলাটিতে জো রুটের সঙ্গে ১৯৮ রানের জুটিও গড়েন তিনি। ফলে ভেন্যুটিতে অনুষ্ঠেয় সিরিজের চতুর্থ টেস্টে অ্যান্ডারসনের অনুপস্থিতিতে ভুগতেই পারে ইংল্যান্ড।—সুপার স্পোর্টস
