আপাতত ফিরছেন না আমির

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৯:৩৪
 
পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে ঘিরে সকল গুঞ্জন উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরে আমিরকে দলে নেওয়া হতে পারে বলে খবর বেরিয়েছিল পাকিস্তানি গণমাধ্যমে। কিন্তু শুক্রবার পিসিবি’র পক্ষ থেকে বলা হয়, ‘আমিরকে দলে নেয়ার কথা বিবেচনা করা হয়নি।’
 
২০১০ সালের আগস্টে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে চতুর্থ টেস্ট চলাকালীন সময় আমিরের বিরুদ্ধে ‘স্পট ফিক্সিং’ এর অভিযোগ আনা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় সবধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন এই পেসার। শাস্তি শেষ হওয়ার পর ২০১৫ সালের মার্চে ঘরোয়া ক্রিকেটে ওমর অ্যাসোসিয়েটস ক্লাবের হয়ে ফেরার মাধ্যমে ক্রিকেটে নিজের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু করেন আমির।
 
ঘরোয়া ক্রিকেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে এরই মধ্যে আবার আলোচনায় চলে এসেছেন আমির। কিন্তু পিসিবি এক কর্মকর্তা জানান, ‘ঘরোয়া মৌসুমে আমিরের পারফরমেন্স চমত্কার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে প্রথম শ্রেণীর ক্রিকেটেও তাকে প্রমাণ করতে হবে।’ পাশাপাশি আমিরের জন্য কিছুটা সুখবরও দিলেন তিনি, ‘আমির যদি ধারাবাহিকভাবে ফর্ম ধরে রাখতে পারে তবে জাতীয় দলের জন্য পুনরায় বিবেচিত হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।’
 
২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করা নিয়ে শঙ্কার কারণে জিম্বাবুয়েতে আগামী ১৭ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত সফরের কথা বলে আসছিল পাকিস্তান। কিন্তু শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় জিম্বাবুয়ে সফর করতে অস্বীকৃতি জানায় পিসিবি। কিন্তু পরবর্তীতে সমালোচনার শিকার হয়ে সফরটি করতে রাজি হয় তারা। তবে ওয়ানডে সিরিজের সময়সূচী এমনভাবে সাজানো হয় যাতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা শঙ্কার মধ্যে না পড়ে। তিনটি ওয়ানডের সবগুলোই হবে অক্টোবর মাসে।