টেকনাফে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোর খুন

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৯:৫৫
জেলার টেকনাফ উপজেলায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে সজল কুমার শীল (১৭) নামে এক কিশোর খুন হয়েছে।
 
শুক্রবার বিকালে উপজেলার ডেইল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি সদর ইউনিয়নের ক্ষেতির-বিল এলাকার বাসিন্দা।
 
স্থানীয়রা জানায়, বিকালে ডেইল পাড়া এলাকায় মার্বেল খেলাকে কেন্দ্র করে মোহাম্মদ ইলিয়াছ ও তার ছেলে আবদুশ শুক্কুর ক্ষেতির-বিল এলাকার সজল কুমার শীলের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইলিয়াছ ও তার ছেলে আবদুশ শুক্কুর ক্ষিপ্ত হয়ে সজল কুমার শীলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আতাউর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে আটকের চেষ্টা চলছে।