কাশিয়ানীতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন, শাশুড়ি আটক

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ২০:১৩
জেলার কাশিয়ানী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মোসা. শারমিন বেগম (১৯) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শারমিন বেগম উপজেলার পোনা গ্রামের মো. শাজাহান হোসেনের মেয়ে ও মাজরা গ্রামের নৌ বাহিনীর সদস্য সজীবুল মোল্যা ওরফে জনির স্ত্রী।
 
এ ঘটনায় নিহতের শাশুড়ি পারুল বেগমকে (৫০) পুলিশ আটক করেছে। তবে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেছে।
 
শারমিন বাবা মো. শাজাহান হোসেন বলেন, ‘সকালে উপহার পাওয়া একটি চীনা মাটির প্লেট আমার মেয়ের হাত থেকে পড়ে ভেঙ্গে যায়। এ নিয়ে স্বামী-শাশুড়ি ও পরিবারের লোকজন আমার মেয়েকে গালমন্দ করে। এ নিয়ে দুপুরে আবারো বাক্বিতণ্ডার এক পর্যায়ে আমার মেয়েকে বেদম মারধর করে তারা। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তত এক ঘণ্টা  আগে তার মৃত্যু হয়েছে বলে জানান।’
 
তিনি আরো বলেন, ‘পুলিশকে না জানিয়ে কৌশলে আমার মেয়ের লাশ বাড়িতে এনে তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করে শ্বশুর বাড়ির লোকজন।’
 
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক ইমানুর রহমান জানান, লাশের গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়না তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।