সীমান্তে ভারতীয় পুলিশ-বিএসএফ’র যৌথ অভিযান শিগগির

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৩:৩৩
বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ, গরু পাচাররোধ এবং অপরাধমূলক কার্যক্রম কঠোর হস্তে দমন করতে খুব শিগগির বেনাপোলের বিপরীতে ভারত সীমান্তে সে দেশের পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযানসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যাচ্ছে।
 
সম্প্রতি সীমান্ত নিরাপত্তা নিয়ে এক বৈঠকের পর বিএসএফ এবং উত্তর ২৪ পরগণা জেলার পুলিশ এই সিদ্ধান্ত নেয়। ভারতের পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগণা জেলার সাথে ১১৮ দশমিক ৫ কিলোমিটার এলাকা ভারত বাংলাদেশ স্থল সীমান্ত এবং ১১৫ দশমিক ২ কিলোমিটার এলাকা জল সীমান্ত। যা স্থল সীমান্তের চেয়ে মাত্র ৩ কিলোমিটার কম।
 
বিএসএফের দাবি, এই বিরাট জল সীমান্ত এলাকা কার্যত অরক্ষিত হয়ে আছে। অনুপ্রবেশকারী এবং অপরাধীরা এই পথ বেশি ব্যবহার করে থাকেন।
 
জল সীমান্তে যৌথ অভিযানের উপর গুরুত্ব দেয়ার কারণ হিসেবে উত্তর ২৪ পরগণার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, শুধুমাত্র সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকে বিএসএফ। কিন্তু অনেক সময় দেখা যায়, সীমান্তে বিএসএফ কোন অপরাধীকে তাড়া করলে সে রাজ্য পুলিশের এলাকায় ঢুকে পড়ে। তখন আইন মাফিক বিএসএফ তাকে গ্রেফতার করতে পারে না। তাছাড়া সীমান্তের বাইরে পুলিশের সীমানা সম্পর্কে বিএসএফের ততটা জানা থাকে না। পুলিশ এবং বিএসএফের মধ্যে সীমানা নিয়ে অনেক সময় কার কোন দায়িত্ব তা নিয়েও জটিলতার সৃষ্টি হয়। এ সময় সমস্যার জন্যই বিএসএফ এবং পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব দিচ্ছেন।
 
সীমান্তে তল্লাশির সময় পূর্বে বিএসএফের সাথে সিভিক ভলান্টিয়ার্স থাকত এবার পুলিশও থাকবে। জল সীমান্তে স্পিডবোটে তল্লাশি চালাবে বিএসএফ এবং ভারতীয় পুলিশ। যাতে আইনগত কোন সমস্যা না হয়। উত্তর ২৪ পরগণা জেলার হেম নগরে পুলিশের কোস্টাল থানা রয়েছে। সেখানে জল সীমান্তে পুলিশ পাহারা দেয়। অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তের বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোলে পুলিশের কোন থানা নেই। এবার পেট্রাপোলে একটি নতুন থানা তৈরির উদ্যোগ নিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়। পেট্রাপোলে এখন যে তদন্ত কেন্দ্রটি রয়েছে তা বনগাঁ থানার অধীনে। এতো বড় এলাকার অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য একটি তদন্ত কেন্দ্র যথেষ্ট নয়। তাই পেট্রপোলে নতুন থানা তৈরি হচ্ছে।
 
গত ১৫ জুলাই উত্তর ২৪ পরগণার পুলিশ সুপার তন্ময় রায় চৌধুরী এবং বিএসএফের এক কমান্ডার বেনাপোলের পুটখালি সীমান্তের ওপারে গাইঘাটার থানার আংরাইল সীমান্তের ইছামতি নদীর জল সীমান্ত পরিদর্শন করেন। ইতিমধ্যে ইছামতি নদীতে স্পিডবোটে বিএসএফ টহল শুরু করেছে। এ বিষয়ে কলকাতা থেকে প্রকাশিত “দৈনিক বর্তমান পত্রিকায়” ২৮ জুলাই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।