দুর্ঘটনায় বাবা ও ভাইয়ের মৃত্যু, দুবাই যাওয়া হলো না কবিরের

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৫:০৬
 
সিলেটের গোলাপগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে এখলাছ উদ্দিন (৭০) ও তার ছেলে আলতাফ উদ্দিন (৩৫) নিহত হয়েছে। আহত হয়েছেন দুবাইগামী কবির উদ্দিন (৩৭)। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।
 
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের ফুলবাড়ীর ঘনশাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী জানান, কবির উদ্দিনকে বিদেশ পাঠানোর জন্য তারা পিকআপ ভ্যানে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ফুলবাড়ী এলাকায় একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলতাফ নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর এখলাছ মারা যান। কবির উদ্দিনও এই ঘটনায় আহত হয়েছেন।