সরাইলে নৌকা ডুবির ঘটনায় আরো ১ জনের লাশ উদ্ধার

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৬:০০


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৌকা ডুবির ঘটনায় জসিম উদ্দিন (১৩) নামে আরেক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকুরিয়া গ্রামের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জসিম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, সকাল ৮টার দিকে লোকজন কাকুরিয়া গ্রামের পবিত্র ডাক্তারের বাড়ির পাশের একটি জমিতে কিশোরের লাশ ভাসতে দেখে তাকে জানায়। পরে পুলিশকে খবর পেয়ে দুপুর দেড়টায় লাশটি উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. আলী আরশাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ছেত্রা নদীতে অতিরিক্ত একটি যাত্রীবাহি নৌকা ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এতে মা-মেয়েসহ চারজনের প্রাণহানি হয়। আজ আরো একজনের লাশ উদ্ধানে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।