নেপালগামী আরো ১১ জনকে উদ্ধার

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৬:১৩
 
নেপালে পাচারের উদ্দেশে আনা নয়জনকে জয়পুরহাটের সৌরভ হোটেল থেকে উদ্ধারের পর শনিবার পৃথিবী কমপ্লেক্স হোটেল থেকে নেপালগামী আরো ১১ জনকে উদ্ধার করেছে ডিবি পুলিশ।
 
ডিবির ওসি মাহফুজার রহমান জানান, মানব পাচারের গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ শুক্রবার রাতে শহরের সৌরভ হোটেলে অভিযান চালিয়ে প্রথমে নেপালগামী নয়জনকে উদ্ধার করা হয়। এ সময় জেলার চক দাদরা এলাকার লাভলু আকন্দ নামের এক মানব পাচারকারীকেও আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সকালে পৃথিবী কমপ্লেক্স আবাসিক হোটেল থেকে আরো ১১ জন নেপালগামীকে উদ্ধার করা হয়েছে।
 
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপালে পাচারের উদ্দেশে তাদের জয়পুরহাটের ওই দুটি আবাসিক হোটেলে আত্মগোপনে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া সকলের বাড়ি নরসিংদী ও গাইবান্ধায়। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।