গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তি লাশ উদ্ধার

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৭:৫৩


গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মজিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডুবুরী দল। নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর উপজেলার সিংডিয়া এলাকা থেকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মজিদুল ইসলাম উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামের কাদির বখ্সের ছেলে।

উদাখালী ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী সরকার জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মজিদুল ইসলাম বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে মুঠো জাল দিয়ে মাছ ধরতে যান। এক পর্যায়ে নদীতে জাল ফেলতে গিয়ে পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। পরে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মজিদুল ইসলামের লাশ উদ্ধার করে।