আইএস: ভারতে সরকার ও রাজ্যের মধ্যে বৈঠক

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৮:০৭
 
 
ভবিষ্যতে ভারতে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি হামলার আশঙ্কায় পুরো দেশে ওই সংগঠনকে রুখতে সার্বিক রণকৌশল স্থির করার জন্য ১২টি রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছে দেশটির কেন্দ্রীয় সরকার। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বানে এ বৈঠক ডাকা হয়। খবর এনডিটিভির।
 
মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্নাটক, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, জম্মুু-কাশ্মিরের মতা ১২টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রের তরফে স্বরাষ্ট্র সচিব এল সি গয়াল, কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর প্রধান ও গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং (র) কর্মকর্তাদের থাকার কথা রয়েছে।
 
এ দিকে সিরিয়া ও তুরস্কে সাফল্যের ফলে উজ্জীবিত আইএস। যার প্রভাবে গোটা বিশ্বে এই জঙ্গিগোষ্ঠীটির জনসমর্থন বাড়ছে। সেই রেশ এসে পড়েছে ভারতেও। আইএসে যোগ দিতে দেশ ছেড়েছেন বেশ কিছু মুসলিম যুবক।
 
এ ছাড়া, সারা দেশে ২৫ জন তরুণকে চিহ্নিত করা হয়েছে যারা আইএসের নীতি দ্বারা অনুপ্রাণীত। তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের যথাক্রমে ১৭ ও ৪ জনকে সিরিয়ার উদ্দেশে যাওয়ার পথে আটক করা হয়েছে।
 
সূত্র জানিয়েছে, তাদের আটক নয় বরং নজরদারির মধ্যে রাখা হয়েছে। এ ছাড়া, চরমপন্থী বিশ্বাস বদলাতে তাদের কউন্সেলিং করা হচ্ছে। তবে সামাজিক গণমাধ্যমগুলোতে এরই মধ্যে পর্যবেক্ষণ শুরু হয়ে গেছে।