ধৈর্যসহকারে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৯:২৯
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগের সময় সকলকে ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
 
শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বানভাসি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে তিনি একথা বলেন।
 
মন্ত্রী উপজেলার আদ্রা, জোড্ডা, দৌলখাড়, বাঙ্গড্ডা, সাতবাড়িয়া, হেসাখাল, বক্সগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বন্যাপীড়িত লোকদের দুর্ভোগ সরাসরি প্রত্যক্ষ করেন এবং তাদের সঙ্গে কথা বলে সব রকম সাহায্যের আশ্বাস দেন।
 
মন্ত্রী এ সময় চাল, চিড়া, গুড়সহ শুকনা খাবার ও বিশুদ্ধ খাবার পানি এবং নগদ অর্থ বিতরণ করেন বন্যার্তদের। এ সময় মন্ত্রী স্থানীয় উপজেলা প্রশাসনসহ নেতৃবৃন্দকে বন্যাপীড়িত মানুষদের সার্বিক সহযোগিতার নির্দেশ দেন।
 
নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন, নাঙ্গলকোট পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।