'বন্যাদুর্গতদের জন্য খাদ্য ও নগদ অর্থ পাঠানো হয়েছে'

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ২৩:৪৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, বন্যাদুর্গত মানুষের জন্য এরইমধ্যে চাহিদার অতিরিক্ত খাদ্য ও নগদ অর্থ জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির এ সদস্য বলেন, যারা বলেন সরকার বানভাসী মানুষের জন্য ত্রাণ পাঠায়নি, তাদের জেলা পর্যায়ে খোঁজ নিয়ে সঠিক তথ্য জানার জন্য অনুরোধ জানাবো।

শনিবার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের এক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ত্রাণ সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এ কথা বলেন মায়া।

মায়া বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যার্তদের জন্য ১১ হাজার মেট্রিক টন চাল খাদ্য সহায়তা হিসেবে ও নগদ অর্থ সহায়তার জন্য ৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করেছে।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাবরে এ চাল ও অর্থ ছাড় করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা প্রশাসনের চাহিদা মোতাবেক তাৎক্ষনিকভাবে এ থোক বরাদ্দ থেকে অর্থ ও চাল ছাড় করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বিগত কয়েকদিনে কক্সবাজার জেলার জন্য ৫০০ মেট্রিকটন চাল ও ২০ লাখ টাকা, বান্দরবন জেলার জন্য ২২৫ মেট্রিকটন চাল ও সাড়ে ৫ লাখ টাকা এবং চট্টগ্রাম জেলার জন্য ৪৫০ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ ছাড় করেছে।

এছাড়াও কুমিল্লা জেলার জন্য ৪০০ মেট্রিকটন চাল ও ৯ লাখ টাকা, নোয়াখালী জেলার জন্য ২০০ মেট্রিকটন চাল ও ৭ লাখ টাকা এবং ফেনী জেলার জন্য ২২৫ মেট্রিকটন চাল ও ৪.৫০ লাখ টাকা, চাদপুর জেলার জন্য ১০০ মেট্রিকটন চাল ও ২ লাখ টাকা, লক্ষীপুর জেলার জন্য ১২৫ মেট্রিকটন চাল ও ৩.৫০ লাখ টাকা, ভোলা জেলার জন্য ১২৫ মেট্রিকটন চাল ও ৩.৫০ লাখ টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে।

অবশিষ্ট ৫৫ জেলার জন্য ৪৮০০ মেট্রিক টন চাল ও ১ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ ছাড় করেছে। সে হিসেবে ৬৪ জেলায় মোট ৭২০০ মেট্রিকটন চাল ও ১ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাকী চাল ও অর্থ তাৎক্ষণিক বরাদ্দের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে মজুদ রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থেকে মাঠ পর্যায়ে ত্রাণ তৎপরতা চালাচ্ছে। অধিদপ্তরের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

জেলা পর্যায়ে ত্রাণ বিতরণের প্রতিদিনের তথ্য গণমাধ্যমকে ব্রিফ করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জেলা প্রশাসকদের অনুরোধ করেন যাতে কোন দল বা গোষ্ঠী বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে না পারে।

এ বিষয়ে তিনি বলেন সরকারের জনকল্যাণ পদক্ষেপে ঈর্ষান্বিত হয়ে জনবিচ্ছিন্ন দলের নেতারা অপপ্রচার চালাচ্ছেন। অপপ্রচার পরিহার করে সরকারের পাশাপাশি তাদেরকেও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মায়া চৌধুরী আহবান জানান।  -বাসস