সৌদি আরবে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ২১:২৪
 
          
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম সোমবার এক দ্বিপাক্ষিক সফরে সৌদি আরবে যাচ্ছেন।
 
সফরকালে  শাহিরয়ার আলম সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানীর সাথে বাংলাদেশ ও সৌদি আরবের সার্বিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি তিনি জেদ্দাস্থ ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রেসিডেন্ট ড. আহমাদ মোহামেদ আলী আল  মাদানি এবং ওআইসি সচিবালয়ে ওআইসি মহাসচিব আইয়াদ আমিন মাদানির সাথে বৈঠকে মিলিত হবেন।
 
এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রদত্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।
 
সরকারি এ সফর শেষে শাহিরয়ার আলমের ৬ আগস্ট দেশে ফেরার কথা।