নড়াইলে নিরাপদ সড়কের দাবিতে র‌্যালি

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৩:৫০


“সবাই মিলে ঐক্যকরি নিরাপদ সড়ক ব্যবহারে সংস্কৃতি গড়ি” এই শ্লোগান নিয়ে নড়াইলে নিরাপদ সড়কের দাবিতে র‌্যালি, আলোচনাসভা এবং গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সাস্টেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এলজিইডি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

রবিবার সকালে শহরের রুপগঞ্জ মুচিরপোল বাসস্টান্ড চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, যশোর অঞ্চলের এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ মোশারফ হোসেন, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ।

পরে এখানে অনুষ্টিত এক প্রশিক্ষন কর্মশালায় ২শ’ জন গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন দেয়া হয়।