আবারও সেই বৃষ্টির কারণে শেষ পর্যন্ত চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হলো। আজ রবিবার বারবার বৃষ্টির হানায় খেলা না হওয়ার বিষয়টিই ঘুরেফিরে আসে। দুপুর একটায় আম্পায়ারদের মাঠ পরিদর্শন করে খেলা শুরুর ব্যাপারে জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই বেলা ১২টায় আবার বৃষ্টি নামায় খেলা বাতিল করতে বাধ্য হন তারা।
এর আগে টানা বর্ষণের পর বৃষ্টি থামলে মাঠ খেলার উপযোগী করার জন্য প্রস্তুতি নেয়া হয়। কিন্তু আবারও সেই বৃষ্টির হানা। চতুর্থ দিনের খেলা নিয়ে একটু আশা দেখলেও তা ভেস্তে যায়।
আজ বেলা সাড়ে ১১টার পরপর একবার মাঠ পরিদর্শন করেছেন দুই আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড কেটেলবরো।
রবিবার পৌনে ১০টার দিকে বৃষ্টি থামার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ত্রিপল সরানো হয়েছিল।
ঢাকা টেস্টের চতুর্থ দিন সাড়ে এগারোটার দিকে মাঠে এসে হালকা অনুশীলনও করেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এর আগে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে হওয়া বৃষ্টির জন্য দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়।
বৃষ্টির কারণে পুরো তিনদিনই বাদ গেল এই টেস্টের। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে চট্টগ্রামের টেস্ট পরিত্যক্ত করার পর ড্র হয়।
