কম বাজেটে বড় ধামাকা!

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:০২

বিনোদন ডেস্ক

 

কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন তাদের নতুন ছবি লুকা ছুপি’র  গান দিয়ে ইউটিউব কাঁপিয়েছেন গত মাসজুড়ে। তবে ছবিটি নিয়ে খানিকটা ধোঁয়াশা ছিল দর্শককে মুগ্ধ করতে পারবে কি-না।

তবে প্রথম ৪ দিনের সাফল্য বলছে ফের একটি কম বাজেটের ছবি স্বপ্ন দেখাচ্ছে বলিউডকে। কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননের এই ছবি যে মন মজিয়ে দেওয়া গল্প বলতে চলেছে মজার মোড়কে তা বলাই বাহুল্য। মুক্তির দিনে এ ছবি আয় করে ৮ কোটি রুপির বেশি, যা প্রথমদিনে কার্তিকের সর্বোচ্চ। মুক্তির দ্বিতীয় দিনেও ভালো আয় করে ছবিটি। শনিবার ভারতের বক্স অফিসে এ ছবির সংগ্রহ ১০ কোটি রুপির বেশি। লুকা ছুপি কার্তিকের সোনু কে টিটু কি সুইটি ও পেয়ার কা পঞ্চনামা টু-কে ছাড়িয়ে যাবে বলেই মত বাণিজ্য বিশেষজ্ঞদের।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, লুকা ছুপি হূদয় জয় করে চলেছে এবং বক্স অফিসেও অসাধারণ পারফর্ম করছে। সপ্তাহান্তে ৫০ কোটি রুপি অতিক্রম করবে বলে মত তারানের। তার হিসেবে, শুক্রবার ৮.০১ কোটি, শনিবার ১০.০৮ কোটি, রবিবার ১৪.০৪ কোটি, সোমবার ৭.৯০ কোটি, সর্বমোট সংগ্রহ ৪০.০৩ কোটি রুপি।

চলচ্চিত্রটি নিয়ে কৃতি বলেন, ‘আস্তে আস্তে ভালোভাবেই সাফল্য আসছে লুকা ছুপি থেকে। আমি এতেই খুশি।’

লুকা ছুপি দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় লক্ষ্ম উতেকারের। ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ বিজন। কার্তিক ও কৃতি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপর শক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠি, বিনয় পাঠক, অতুল শ্রীবাস্তব ও অলকা আমিন। এদিকে ৮ মার্চ অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত বদলার সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হবে লুকা ছুপিকে।