ফেনীতে মহাসড়ক অবরোধ, দুর্ভোগ

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৫:০৮
মহাসড়কে অটোরিকশা, টেম্পো ও সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করার প্রতিবাদে রবিবার দুপুরে সিএিনজি চালিত অটোরিকশা চালক ও শ্রমিকরা ফেনীর ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফতেহপুর ও দেবীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 
 
বিক্ষোভকারীরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টার দিকে অবরোধ 
প্রত্যাহার করলে যানবাহন চলাচল শুরু হয়। ফলে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়। এসময় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
সিএনজি চালিত অটোরিকশা চালক ও শ্রমিকরা জানান, মহাসড়কে সিএিনজি অটোরিকশা চলাচল করতে না দিলে তারা অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। 
 
তারা আরও জানান, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের পাশে সিএনজির পাম্পগুলো থাকায় গ্যাস ভর্তি করার জন্য মহাসড়কে আসতে হয় তাদের। সরকার এ ধরনের সিদ্ধান্ত নেয়ায় তাদের পথে বসতে হবে। তারা মনে করেন সড়ক দুর্ঘটনার জন্য শুধু অটোরিকশাগুলো দায়ী নয়। বড় গাড়ি, বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও লরিগুলোর বেপোরোয়া গতি এর জন্য দায়ী। IMG0
 
মহাসড়কে দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এই সিদ্ধান্ত ১ আগস্ট শনিবার থেকে কার্যকর করা হয়েছে।