মায়ের গর্ভে সন্তান গুলিবিদ্ধ: অভিযুক্ত সুমন ‘গ্রেফতার’

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৬:১৭
 
মাগুরায় সরকার সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে নারীর গর্ভে থাকা সন্তান গুলিবিদ্ধ হওয়া এবং একজন নিহত হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহ সভাপতি সেন সুমনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোরে ঢাকার কল্যাণপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে।
 
মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ এই খবর জানালেও তিনি পুরোপুরি নিশ্চিত করতে পারেননি। আর র‌্যাব ও  গোয়েন্দা পুলিশ সুমন নামে মাগুরার কাউকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে।
 
গত ২৩ জুলাই বিকালে মাগুরার দোয়ারপাড়ায় সাবেক ছাত্রলীগকর্মী কামরুল ভূইয়ার সঙ্গে সাবেক যুবলীগকর্মী মহম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম (৩০) ও প্রতিবেশী মিরাজ হোসেন গুলিবিদ্ধ হন। কামরুলের চাচা আব্দুল মোমিন ভূঁইয়া গুলিতে নিহত হন। ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার গুলিবিদ্ধ শিশুটি ভূমিষ্ঠ হয়। দুই দিন পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।