বগুড়ায় দুর্ঘটনায় পথচারী নিহত, ট্রাকে আগুন

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৬:৫৮
 
বগুড়া-রংপুর মহাসড়কের ছিলিমপুর নামক স্থানে ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকে আগুন লাগিয়ে দিয়ে আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
 
রবিবার বেলা একটার দিকে শহরের ছিলিমপুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই ঐ ব্যক্তি নিহত হন। এ ঘটনায়  বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক চালককে আটক করে এবং ট্রাকে আগুন লাগিয়ে দিয়ে আধাঘন্টা মহসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নেভায়।
 

বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, ট্রাক চালককে থানা হাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।