লক্ষ্মীপুর নগর ক্লিনিকে মৃত রোগীর স্বজনদের হামলা, ভুল চিকিৎসার অভিযোগ

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৭:২৭
লক্ষ্মীপুর নগর ক্লিনিকে রবিবার দুপুর ১২ টার দিকে নয়ন আক্তার (৩২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। নয়ন আক্তার সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের বশির আহমদের স্ত্রী ।
 
ভুল চিকিৎসায় সুস্থ্য রোগী মারা গেছে এমন অভিযোগে বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে হামলা চালিয়েছে। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ চারজন আহত হয়েছেন।
 
পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 
নিহতের ভাই এরশাদ হোসেন, ভাগিনা শামীম হোসেন জানান, গত ২৩ জুলাই নোয়াখালীর এশিয়া হাসপাতালে নয়ন আক্তার সন্তান প্রসব করেন। চারদিন পর সোমবার প্রসূতি অসুস্থ হলে তাকে লক্ষ্মীপুরের নগর ক্লিনিকে ভর্তি করানো হয়। দুইদিন আগে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে নবজাতকের চিকিৎসার জন্য রবিবার পর্যন্ত ওই ক্লিনিকে অবস্থান করেন নয়ন আক্তার। শনিবার রাতে প্রসূতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাকে ইনজেকশান ও সেলাইন পুস করেন । এর পর থেকে তিনি অসুস্থ বোধ করতে থাকেন। অবশেষে রবিবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ক্লিনিকে হামলা চালায়।
 
তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাকের দাবি, উচ্চ রক্তচাপজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
 
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।