জয়পুরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ককটেল হামলার মামলায় গ্রেফতার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মোজাহার আলী প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার দুপুরে জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে আদালতের বিচারক তাজুল ইসলাম মিঞা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি জেলা শহরের মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে ককটেল হামলা চালানো হয়। এ মামলার প্রধান আসামি মোজাহার আলী। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৭ জুলাই আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।
