কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক তিন ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বিএসএফ সাড়া না দেয়ায় রবিবার রাতে তাদের বুড়িচং থানায় সোপর্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। রাতে কুমিল্লাস্থ ১০ বিজিবি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, শনিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার স্বর্বধর্মপুর মিশনের বেলাবর গ্রামের রতন সরকার বিশ্বাসের স্ত্রী চন্দনা সরকার বিশ্বাস (৩২), রতন সরকার বিশ্বাসের ছেলে রজত সরকার বিশ্বাস (১৮) এবং সিপাহীজ্বলা জেলার কলমছড়া থানার বক্সনগরের কলসীমুড়া গ্রামের মৃত আব্দুল হাশেমের ছেলে মো. জমশেদ আলম (২২)।
বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, আটক ভারতীয় নাগরিকদের হস্তান্তর করতে বিএসএফ কে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও তাতে সাড়া মেলেনি। তাই তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বুড়িচং থানা পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হচ্ছে।
