সপ্তাহের শুরুর কার্যদিবস রবিবার পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৮০০ কোটি টাকারও বেশি। লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল ইঞ্জিনিয়ারিং খাতের। এ খাতে লেনদেন হয়েছে ১৭০ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২১ শতাংশ।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সর্বশেষ ত্রৈমাসিকের প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এতে কোম্পানিগুলোর মুনাফার প্রবণতা বিশ্লেষণ করে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন।
এ দিন সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিধ খাতের কোম্পানিগুলোর। এছাড়া ইঞ্জিনিয়ারিং এবং বস্ত্র খাতও ছিল দর বৃদ্ধির তালিকায়। আর দর কমার ক্ষেত্রে শীর্ষে ছিল ইন্স্যুরেন্স খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর প্রায় ১ শতাংশ কমে গেছে।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮০৬ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১৭৬ কোটি ৬৬ লাখ টাকা টাকা বেশি। লেনদেনকৃত ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৬ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৬১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের।