অমানবিক!

গাইবান্ধায় গরু চুরির অভিযোগে কিশোরের উপর নির্যাতন

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ০০:০২

গাইবান্ধায় গরু চুরির অভিযোগে এক কিশোরের ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। পিটিয়ে আরিফ মিয়া (১৩) নামে ওই কিশোরের পা ভেঙে দেয়া হয়েছে। নির্যাতনকারীরা তাতেও থেমে থাকেনি। সিগারেটের আগুনে ছ্যাঁকা দিয়ে তারা আরিফের শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত করেছে। আরিফ সদর আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় কাতরাচ্ছে। এ ঘটনায় পুলিশ গতকাল চারজনকে আটক করেছে। গত ২৫ জুলাই সাদুল্লাপুরে এ ঘটনা ঘটলেও রবিবার বিষয়টি সাংবাদিকদের নজরে আসে। শহিদুল মিয়ার ছেলে আরিফ রাজমিস্ত্রির সহকারী।

 
আটকরা হলেন- তরফবাজিত সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম (৪৫), আবুল কাশেম (৪০), ময়নুল ইসলাম (৩৫) ও আইয়ুব আলী (৩৮)। অভিযুক্ত ও তাদের পরিবারের লোকজনও এ বিষয়ে সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননি।
 
আরিফের বাবা শহীদুল মিয়া জানান, তারা খেটে খায়। গরিব হলেও তার ছেলে চুরির সাথে জড়িত না।
 
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন জানান, গতকাল ওই কিশোরের মা আনোয়ারা বেগম ১৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন। চারজনকে গ্রেফতার করা হয়েছে। ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
 

এদিকে হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, উপজেলার দ্বীপ নিউ মার্কেটে এক শিশুকে নির্যাতন করে টাকা দিয়ে তা মীমাংসার অভিযোগ পাওয়া গেছে। নুর আমিনের চা দোকানে এক হাজার টাকা চুরির অভিযোগে তৃতীয় শ্রেণীর ছাত্র ইকরাম উদ্দিনকে (১০) প্রহার করেন ওই মার্কেটের সভাপতি অলিউদ্দিন। ছেলেটির বাবা ইয়াছিন মুন্সি জানান, আমার ছেলের বিরুদ্ধে এক হাজার টাকা চুরির অভিযোগ করার পর আমি বিকাশে দুই হাজার টাকা দিয়াছি। তারপরও তারা আমার ছেলেকে নির্যাতন করেছে। আমি এ ঘটনার বিচার পাইনি। এব্যাপারে ওসি নুরুল হুদা জানান, সবার সম্মতিতে ঘটনাটি মীমাংসা করা হয়েছে।