গত শনিবার গভীর রাতে দুই গ্রুপের মারামারির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সভাপতি নাজমুল হাসান সজল ও সাধারণ সম্পাদক সৈকত হোসাইনকে নিয়ে গঠিত কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা করা হয়েছে।
অভিযোগ উঠেছে, সিট বাণিজ্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এতে সৈকত হোসাইন, হাসিবুর রহমান হাসিব, মাসুদ ও আশরাফুল ইসলাম আহত হন। তাদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী মাসুদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত সাড়ে ১২টার পরে পুলিশের ফোন পেয়ে হলে এসে দুই পক্ষকে শান্ত করি। আহতদের উদ্ধার করে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। এখন হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
